361748

এবার মুক্তি পাবে কাবিলা!

বিনোদন ডেস্ক।। অবশেষে আসছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র পরবর্তী সিজন। জানা গেছে, শিগগিরই নতুনভাবে পর্দায় আসছেন কাবিলা, হাবু ভাই ও পাশা ভাইয়েরা। এবারের সিজনটিও দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

সবশেষ নাটকটির তৃতীয় সিজন প্রচারের পর এর সমাপ্তি ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। শেষ পর্বে দেখা যায়, কাবিলার সাজা হয়েছে। তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বিয়োগাত্মক এই পরিণতি মেনে নিতে পারেনি নাটকটির দর্শকরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ও ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। প্রতিবাদ জানিয়ে আন্দোলনেরও ডাক দিয়েছিলেন অনেক দর্শক। তাদের দাবি, কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে।

একটি সূত্র জানিয়েছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজন বানানোর পরিকল্পনা করছেন এর নির্মাতা-প্রযোজকরা। আর নতুন সিজনে কাবিলাকে জেল থেকে মুক্তি পেতেও দেখা যাবে। তাই এই সিজনটি দর্শকদের জন্য স্পেশাল হবে বলে শোনা যাচ্ছে।

অবশ্য ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি এর নির্মাতা অমি। তবে কয়েক দিন ধরে তিনি এই নাটকের নাম, চরিত্র উল্লেখ করে কিছু পোস্ট দিয়েছেন, যা দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি করেছে।

এদিকে, গত কয়েক বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ পর্যন্ত নাটকটির তিনটি সিজন প্রচার হয়েছে। এগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুবসহ অনেকে। তাদের চরিত্র এবং সংলাপগুলো আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।

 

ad

পাঠকের মতামত