দ্বিতীয় সৌদি জাতীয় এয়ারলাইন্স পরিকল্পনার ঘোষণা দিলেন বিন সালমান
ডেস্ক রিপোর্ট।। তেলের দরে ব্যাপক পতনের কারণে সৌদি আরব তেল বহির্ভুত আয় বৃদ্ধির যেসব কৌশল নিয়েছে তারই অংশ হিসেবে সৌদি জাতীয় এয়ারলাইন্স সাউদিয়ার পাশাপাশি আরেকটি জাতীয় এয়ারলাইন্স পরিকল্পনার এ ঘোষণা দিলেন ক্রাউন প্রিন্স।
একই সঙ্গে সৌদি আরবকে ‘গ্লোবাল লজিস্টিক হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ হিসেবে এধরনের জাতীয় দ্বিতীয় এয়ারলাইন্সের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফক্স নিউজ
এধরনের দ্বিতীয় এয়ারলাইন্স চালু হলে সৌদি আরব বিমান পথে যাতায়াতের ক্ষেত্রে বিশে^ পঞ্চম বৃহত্তম এয়ার ট্রানজিট ট্রাফিক হিসেবে পরিচিতি পাবে। তবে কবে বা কিভাবে এ এয়ারলাইন্স চালু করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সৌদি যুবরাজ বিন সালমান।
২০৩০ সালের মধ্যে বিন সালমান চান তার দেশ তেল রফতানি ছাড়া আরো অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার আয় করুক। আরব অর্থনীতি ও উপসাগরীয় অঞ্চলে বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরব এধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে বন্দর, রেলপথ ও সড়ক পথের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।
সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ বলছে এধরনের যোগাযোগ অবকাঠামো নির্মাণ থেকে দেশটির জিডিপি’তে বর্তমানে ৬ শতাংশের পরিবর্তে তা ১০ শতাংশে উন্নীত হবে। বিন সালমানকে উদ্ধৃতি দিয়ে এসপিএ বলছে এধরনের সমন্বয়মূলক কৌশল সৌদি আরবকে তিনটি মহাদেশের সঙ্গে গ্লোবাল লজিস্টিক হাবে পরিণত করবে।
একই সঙ্গে এ উদ্যোগ পর্যটন, হজ ও উমরা পালনের মধ্যে দিয়ে আয় বৃদ্ধির মহাপরিকল্পনাকে বাস্তবায়ন সহজ করে তুলবে। এসপিএ বলছে এধরনের দ্বিতীয় জাতীয় এয়ারলাইন্স চালু হলে সৌদি আরব থেকে আন্তর্জাতিক যোগাযোগ গন্তব্য বৃদ্ধি পাবে আড়াইশ’র বেশি।
একই সঙ্গে বিমান পথে কার্গো দক্ষতা বা মালামাল পরিবহন বৃদ্ধি পাবে ৪৫ লাখ টন। বর্তমানে সাউদিয়া এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় ছোট আকার ও পরিসরে পরিচালিত হচ্ছে। অন্যান্য এয়ারলাইন্সের মত সাউদিয়া কোভিড মহামারীর কবলে পড়ে গত বছর থেকে ব্যাপক লোকসান দিচ্ছে।
স্থানীয় সৌদি মিডিয়াগুলো বলছে সৌদি সভেরেইন ফান্ড, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দিয়ে রিয়াদে নতুন বিমান বন্দর নির্মাণ ও দ্বিতীয় এয়ারলাইন্স চালু করা হবে। তবে এব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সৌদি মিডিয়াগুলো। এধরনের ফান্ড সৌদি আরবে বা দেশটির বাইরে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার হয়ে থাকে।




