সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আবাহনী
খেলাধূলা ডেস্ক।। ব্যাট হাতে ঝড় তুলে দলকে নিয়ে যান লড়াকু পুঁজিতে। বল হাতেও তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। পুরো ম্যাচে সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। ওল্ডডিওএইচএস স্পোটিং ক্লাবের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে মুশফিকুর রহিমরা।
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে এসে বৃষ্টি আইনের ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে আবাহনী। ব্যাট হাতে ঝড় তোলেন সাইফউদ্দিন। জবাবে ব্যাট করতে এসে নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ওল্ডডিওএইচএস।
আবাহনীর দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে এসে দারুণ শুরু করেন ওল্ডডিওএইচএস’র দুই উদ্বোধনী ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ। দুজনের জুটিতে ৫৩ রানের শুভ সূচনা পায় তারা। নবম ওভারের শেষ বলে ২৭ বলে ২০ করে ফিরেন ইমন।
দলীয় ৮৩ রানের মাথায় থিতু হয়ে বসা ওপেনার রাকিন আহমেদকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। ৪৪ বলে তিনটি চার ও একটি ছয়ে ৪৩ রান করেন এই ব্যাটসম্যান। তিনে এসে ১৫ রান করে আরাফাত সানির কন এন্ড বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়।
এর আগে টসে হেরে ব্যাট করতে এসে শুরুটা তেমন ভালো হয়নি আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও মুনিম শাহরিয়ারের। মাত্র ২৫ রানের মাথায় ২৩ রান করে আব্দুর রশিদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। তিনে এসে ১১ করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
দলের প্রয়োজনের দিনে ব্যর্থ হন অধিনায়ক মুশফিকুর রহিমও। শেষের দিকে দু’বার জীবন পেয়ে আফিফ হোসেন করেন ২৯ বলে অপরাজিত ২৭ রান। তবে আসল ঝড় তোলেন সাইফউদ্দিন। তার মাত্র ১৯ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ১৩৫ রানে থামে আবাহনী। বৃষ্টির কারণে এক ওভার কাটা যাওয়ায় ১৯ ওভারে আবাহনীর ছয় উইকেট তুলে নেয় ওল্ডডিওএইচএস।




