কালকের ঘটনার মাঝে মাস্তানির ভাব আছে : ফারুকী
বিনোদন ডেস্ক।। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
তার মুক্তির দাবিতে মুখ খুলেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। শোবিজ অঙ্গনের শিল্পীরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দাবি জানিয়েছেন মুক্তির।
গতকালকে পুরো ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে বলে মনে করছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির প্রতিবেদনগুলো আরও বেশি বেশি প্রকাশ করা উচিত।
ফেসবুকে এক বার্তায় খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা লিখেছেন, ‘কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মাস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা! এবং রুটিন করে আগামী এক মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের দুর্নীতি নিয়ে আরো বেশি বেশি রিপোর্ট করা! যা তারা থামাতে চেয়েছে, তাকেই আরো জ্বালিয়ে দেয়াটাই হবে আসল উত্তর।’




