অক্সফোর্ডের টিকা জানুয়ারিতেই আসবে: স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি মাসেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আসবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের দৃষ্টিতে সবচেয়ে কার্যকরভাবে করোনা ভাইরাস সামাল দেওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে থাকা উপলক্ষে এ সভার আয়োজন হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার প্রক্রিয়া মোটামুটি শেষ। ভ্যাকসিন আসার একটা সম্ভাব্য সময় ধরা হয়েছিল জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তবে অনুমোদনের প্রক্রিয়া দ্রুত হওয়ায় আরও আগে পাওয়ার আশা করছে সরকার।
জাহিদ মালেক বলেন, সেরাম ইনস্টিটিউট আমাদের যেভাবে বলেছে তাতে আমরা আশা করছি, জানুয়ারি মাসের শেষের দিকে বা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। যেহেতু এর অনুমোদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষমতার পরিচয় দিয়েছে। এ কারণেই এ মহামারি মোকাবেলায় সফল দেশগুলোর তালিকায় ২০তম স্থানে বাংলাদেশকে রেখেছে ব্লুমবার্গ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক ত্যাগ স্বীকার করেছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ লকডাউনে চলে গেছে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো লকডাউন ছিল না। কারও কোনো ছুটি ছিল না।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ যে পরিশ্রম করেছে তার ফল ব্লুমবার্গের এ গবেষণা জরিপ। দেশে অনেকেই সমালোচনা করেছে। তবে বিশ্ব বাংলাদেশের অর্জনের ঠিকই স্বীকৃতি দিয়েছে।




