দুই মাথা নিয়ে জন্ম নিলো ছাগলের বাচ্চাটি
নওগাঁর পোরশায় দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে উৎসুক জনতা ছাগলের মালিকের বাড়িতে বাচ্চাটি একনজর দেখতে ভিড় করছেন।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাতপুর দিঘিপাড়া গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে বাচ্চাটির জন্ম হয়।
ছাগলের মালিক আব্দুল মান্নানের স্ত্রী নুর জামিলা বলেন, মাস কয়েক আগে বাড়িতে লালন-পালনের জন্য হাট থেকে দেশি জাতের একটি ছাগল কিনে নিয়ে আসেন।
সোমবার সন্ধ্যার পর থেকে ছাগলটি অস্থিরতা বোধ করছিল। পরে সন্ধ্যা সাতটার দিকে ছাগলটি পরপর দুটি বাচ্চার জন্ম দেয়। ছাগলের প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও দ্বিতীয় বাচ্চাটি অস্বাভাবিক ছিল। দ্বিতীয় বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, চারটি চোখ, দুইটি মুখ এবং তিনটি কান। ছাগল ও তার দুটি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তবে দুই মাথাযুক্ত বাচ্চাটি একা খেতে বা চলাফেরা করতে পারছে না।
তিনি বলেন, দুই মাথাযুক্ত বাচ্চাটি একা খেতে পারছে না। বাচ্চাটিকে দুধ তুলে খাওয়াতে হচ্ছে। আল্লাহ ছাড়া কেউ তো বলতে পারবে না এমন বাচ্চার জন্ম কেন হয়েছে। আল্লাহ উছিলায় হয়তো আগে থেকে আমাদের সর্তক করে দিচ্ছেন।
নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, জীনগত ক্রুটির কারণে এমনটা হয়ে থাকে। যখন অ্যাবনরমাল শুক্রানু- ডিম্বানুকে নিশিক্ত করে। এ কারণে কতটুকু লেজ, মাথা ও শরীর প্রশস্ত হওয়ার কথা থাকলেও তা না হয়ে অস্বাভাবিক হয়ে থাকে।




