লাশের পকেটে থাকা ফোন ধরতেই শোনা গেল ‘তোর বাবা আর নেই’
কুমিল্লা প্রতিনিধি: সড়কে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করছিল পুলিশ। এ সময় লাশের পকেটে থাকা ফোন বেজে ওঠে। কল ধরতেই একজন বলে ওঠেন, ‘তোর শ্বশুর বাবা আর নেই। তাকে বিদায় দিতে হবে না? তুই কই? তোর জন্য সবাই অপেক্ষা করছেন’। এসব কথা শুনে উপস্থিত পুলিশ সদস্যদেরও চোখে পানি চলে আসে।
মঙ্গলবার হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা এলাকায়। নিহত শফিকুল ইসলাম সফু রাজধানীর মহাখালী এলাকার আলী আহাম্মেদের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ বলেন, শ্বশুরের মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলে ঢাকা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর যাচ্ছিলেন শফিকুল। কিন্তু তিনি দাউদকান্দির গৌরিপুর দিয়ে চাঁদপুরে না গিয়ে ভুল করে কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় চলে আসেন। নাওতলা পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল নিহত হন। লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।




