বিএনপি মামার বাড়ির আবদার করছে : ওবায়দুল কাদের
সাভার প্রতিনিধি: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,আন্দোলনে জনগণের সায় না পেয়ে বিএনপি এখন নিজেরা নিজেরা মারামারি করছে। শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। জনগণের সম্পদে আগুন দিচ্ছে। আবার জনস্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাও নেওয়া যাবে না বলে মামার বাড়ির আবদার করছে।
আজ বুধবার সকালে ধামরাইয়ের ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উপর ৯৫ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় নয়ারহাট সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলনে নেমে জনগণের সমর্থন পায়নি বিএনপি।
সড়ক ও সেতু মন্ত্রী আরও বলেন, মহামারি করোনাকালে মানুষের জীবন-জীবিকা যখন টালমাটাল তখন জীবনের চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং দূরদর্শীতা প্রশংসিত হচ্ছে। সেখানে দুঃসময়ের মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করছে।
আওয়ামী লীগ সরকারের নয়। তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলেও মানবতা দেখিয়েছে শেখ হাসিনা। তাকে মানবিক কারণে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও বিএনপি কখনো কৃতজ্ঞতা জানায়নি। এই অকৃতজ্ঞতা বোধই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে মরে রাস্তায় পড়ে থাকবে। হয়নি বলেই বিএনপি নেতাদের মনে অনেক জ্বালা। তরুণ দেশের মানুষের ভোগান্তি আর কষ্টই তাদের প্রত্যাশা। তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশসহ সরকারের উন্নয়নের বিরোধিতা করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান, আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবু সাইদ সেখসহ প্রমুথ। সূত্র: দৈনিক আমাদের সময়




