ইসরাইল ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা কাতারের
ইসরাইলের আধিপত্য, ইসরাইল এবং আরবদের ভূমিদখল বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়েরর তীব্র সমালোচনা করেছেন কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভার্চুয়াল ভাষণে তিনি এ বলেন, ফিলিস্তিন এবং আরবদের ভূমিতে ইসরাইলের চলমান দখলদারিত্ব এবং বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘের প্রস্তাবনা রক্ষায় ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
‘আন্তর্জাতিক প্রস্তবনা এবং দ্বি-রাষ্ট্র সমাধান স্পষ্টভাবে লঙ্ঘনের জন্য ইসরাইল দোষী। শান্তি তখনই সম্ভব হবে যখন ইসরাইল আন্তর্জাতিক প্রস্তাবনা যা আরব রাষ্ট্রগুলো গ্রহণ করেছে আরব পিস ইনিশিয়েটিভের ভিত্তিতে-সেগুলো মেনে চলবে, বলেন কাতারি আমির।
২০০২ সালের আরব ইনিশিয়েটিভের অধীনে আরব রাষ্ট্রগুলো ঘোষণা করে, ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তখনই সম্ভব যখন তেল আবিব ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে ফিলিস্তিনিদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। ফিলিস্তিনি শরণার্থী সংকটের সমাধান এবং অবৈধ দখলদারিত্ব বন্ধও আরব ইনিশিয়েটিভে অন্তর্ভুক্ত।
কাতারি আমির নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবৈধ কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতার আনা, গাজার অবরোধ প্রত্যাহার, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী গ্রহণযোগ্য সমঝোতার মাধ্যমে শান্তির পথে ফিরে আসতে দেশটিকে বাধ্য করার আহ্বান জানান।
ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকের চুক্তির এক সপ্তাহের মধ্যে তেল আবিবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেন কাতারি আমির। গেলো সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেন। বলেন, এটা ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের কথা নয়।




