অরুণাচলের সেই ৫ তরুণকে ফেরত দিল চীন
ভারতের অরুণাচলের ৫ তরুণকে ভারতের হাতে তুলে দিল চীন। শনিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, নিখোঁজ হওয়ার ১০ দিন পর ওই ৫ তরুণকে প্রত্যর্পণ করা হয়েছে । চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) ওই পাঁচ তরুণকে ফিরিয়ে দেবে বলে শুক্রবারই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে অরুণাচলের আনজ জেলার কিবিথু পোস্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার কথা তাদের। এর আগে সেনার একটি টুইটে বলা হয়, ‘আপার সুবনসিরির ৫ শিকারি, যারা ২ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিল, ভারতীয় সেনার অবিরাম চেষ্টার ফলে তারা ১২ সেপ্টেম্বর ফিরে আসছে। দামাইয়ে সকাল সাড়ে ৯টায় পিএলএ তাদের ভারতের হাতে তুলে দেবে।’
ভারতীয় সেনা ওই তরুণদের ‘শিকারি’ বলে পরিচয় দিলেও তাদের পরিবারের দাবি, ওই তরুণরা প্রত্যেকেই ‘পোর্টার’ বা কুলির কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকার অনেককেই সেনা এবং ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশ (আইটিবিপি) ‘পোর্টার’ হিসাবে কাজে নেয়। সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর অনেকেই আরও উচ্চতায় শিকার বা ভেষজ সংগ্রহ করতে যান। দীর্ঘদিন ধরে ‘গুম্বা’ নামে একটি ভেষজ ব্যবহার করেন স্থানীয়রা। সেটি বাজারে বেশ চড়া দামে বিক্রিও হয়। মনে করা হচ্ছে, ওই ৫ তরুণও সে ভাবেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন।
লাদাখ সীমান্তে ভারত-চিনের মধ্যে দড়ি টানাটানির সময় অরুণাচলের আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরে সেরা-৭ এলাকা থেকে ৫ তরুণ নিখোঁজ হন। প্রথমে চীন জানিয়েছিল, তারা কাউকে ধরেনি। পরে পিএলএ জানায়, ভারতের ওই তরুণরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে চিনের ভূখণ্ডে চলে আসায় তাদের আ’টক করা হয়েছিল।




