আমির ভুলেই গেলেন লালা নিষিদ্ধ!
শুক্রবার রাতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটিতে বলে লালা ব্যবহার করে আইন ভেঙেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ফাস্ট বোলাররা বাড়তি সুইং আদায়ের জন্য বল চকচক করতে লাল ব্যবহার করে থাকেন। ক্রিকেটে যুগ যুগ ধরেই এটি হয়ে আসছে।
তবে করোনা পরবর্তী সময়ে সংক্রমণ এড়াতে বল পালিশে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিন্তু ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচটিতে আমিরকে একাধিকবার বল পালিশে মুখের লালা ব্যবহার করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।
গত ১ জুন বলে লালার ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছিল, ‘বল চকচকে করার জন্য খেলোয়াড়েরা লালা ব্যবহার করতে পারবেন না। যদি কোনো খেলোয়াড় লালা ব্যবহার করে, আম্পায়ার চাইলে প্রাথমিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সে পরিস্থিতি সামাল দিতে পারবেন।’
‘একটি দলকে এক ইনিংসে দুইবার সতর্ক করা হবে। কিন্তু বারবার এ কাজ করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। যখন বলে লালা লাগানো হবে আম্পায়ার খেলা শুরুর আগে সে বল পরিষ্কার করিয়ে নেবেন।’
আমির এমন কাণ্ড ঘটনার পরও অবশ্য বেঁচে গেছেন বলতে হবে। মাঠে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। আইসিসিও আনুষ্ঠানিক কিছু জানায়নি। আসলে ভিডিও ভাইরাল হলেও বিষয়টি খুব সম্ভবত চোখ এড়িয়ে যায় আম্পায়ারদের।
আর ম্যাচটাও এক ইনিংস পুরো হতে পারেনি। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ১৬.১ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটে ১৩১ রান তুলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা হতে পারেনি।
https://twitter.com/smk_77/status/1299419544184913923?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1299419544184913923%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fsports%2F2020%2F08%2F29%2F241998




