৭০ টাকার অক্সিজেনের বিল লাখ টাকা দেখেছিলাম: জাফরুল্লাহ
করোনা থেকে সুস্থ হয়ে উঠে গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দিতে গিয়েছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সম্পূর্ণ ভেঙে পড়েছে। এ সরকার সামরিক সরকার না, তার চেয়েও খারাপ। তারা কারও কথা শুনতে রাজি নয়। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
তিনি বলেন, সরকার নিজেদের যা ইচ্ছা তাই করছে। আমি মার্চ মাসে বলেছি, করোনার জন্য ভেন্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। আমরা দেখেছি, করোনা রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেকগুলো সেন্টার অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।




