মামার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ, খুঁজছেন পরিবারকে
দীর্ঘ ২০ বছর আগে হারিয়ে যাওয়া সিরাজ আজও খুঁজে চলেছেন বাবা মাকে। বড় মামার সঙ্গে বরিশাল অঞ্চলের কোন একটি জেলা থেকে ঢাকায় এসে ছোট্ট বেলায় হারিয়ে যান তিনি। বাড়ির পাশে থৈ থৈ পানি, লঞ্চ ঘাট, মায়ের সঙ্গে বেড়াতে যাবার স্মৃতি কাঁদিয়ে যাচ্ছে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি সিরাজকে। নিজ পরিবারের সন্ধান পেতে অবশেষে গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন সিরাজ।
দীর্ঘ ২০ বছর ধরে পরিবার প্রিয়জন হারা সিরাজ। একদিকে টিকে থাকার লড়াই অন্যদিকে হারিয়ে ফেলা ভিটে মাটির সন্ধান। পরিচয় ও ঠিকানাহীন হওয়ায় যে যার মতো কাজে লাগিয়েছে সিরাজকে। ইচ্ছেমতো কাজে লাগালেও সিরাজের বাবা মাকে খুঁজে বের করতে এগিয়ে আসেনি কেউই।
সিরাজ বলেন, কাজ করতে একটু দেরি হলেই গালাগালি শুনতাম। খালি কাঁদতাম, কাজ করে কারো মন ভারাতে পারতাম না। ছোট্ট বেলায় বড় মামার সঙ্গে লঞ্চে চড়ে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ। এরপর শরীয়তপুরের একটি পরিবারে কাজের বিনিময়ে থাকার জায়গা হয় তার।
সিরাজ বলেন, মামার সাথে ঢাকা এসে খেলতে বের হইছিলাম। এক রাস্তা থুয়ে আরেক রাস্তায় চলে গেছি পরে আর রাস্তা খুঁজে পাইনি। মায়ের নাম কুলসুম আর বাবার নাম মোস্তফা ছাড়া স্মৃতিতে আর কিছুই নেই পরিবারের বড় ছেলে সিরাজের।সিরাজের বিশ্বাস সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিবেন। এই পৃথিবী থেকে বিদায় নেবার আগে মায়ের সঙ্গে দেখা হবে তার। সূত্রঃ সময় টিভি




