335928

নেইমার নয়, এবার মার্টিনেজের পিছু ছুটবে বার্সা!

স্পোর্টস ডেস্কঃ ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সায় ফেরার গুঞ্জন চলছে। গত দলবদলের মৌসুম নেইমার নিয়ে আলোচনা নিয়ে ব্যস্ত ছিলো। কিন্তু দলবদলের মৌসুম শেষে দেখা যায় দৃশ্যটা মোটেও পাল্টায়নি। তার আর বার্সায় ফেরা হয়নি। আবার দলবদলের মৌসুম এলেই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে হিসেব কষাও থামেনি।

তবে এবার এই চিত্রনাট্যে পরিবর্তন আসছে। বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তামেউ জানিয়েছেন, এবার দলবদলের মৌসুমে নেইমারের পেছনে ছোটার কোনো ভাবনা নেই তাদের।

তাহলে বার্সার আক্রমণভাগের কী হবে! এবারের মৌসুমে কিছুই না জেতা বার্সার আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার অনেক কিছুই আছে। লিওনেল মেসিকে নিয়ে যেমন প্রশ্ন চলে না, তেমনি তার ৩৩ বছর বয়সের প্রতিবন্ধকতা নিয়েও পাল্টা যুক্তি চলে না। সবাইকে এক সময় ক্যারিয়ার সায়াহৃ দেখতে হয়।

এ পরিস্থিতিতে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় নেইমার না থাকলে অন্য কেউ কি নেই? আছে তো বটেই, এবং সেই খেলোয়াড়টির পেছনে ছোটা নিয়েও বার্সা সংবাদপত্রের শিরোনাম হয়েছে। ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। করোনা ভাইরাস মহামারি শুরুর আগে থেকেই তাকে কেনার চেষ্টা করেছে বার্সা।

কাতালান ক্লাবটির অফিশিয়াল চ্যানেলকে বার্তামেউ আগে জানালেন পিএসজি তারকার পরিস্থিতি নিয়ে। বললেন, ‘গত দলবদলের মৌসুমে আমরা তাকে কেনার চেষ্টা করেছি। কিন্তু তার ক্লাব প্রত্যাখ্যান করে। নেইমার বিক্রির জন্য না, এটাই সত্য। তাকে বিক্রি করতে না চাওয়া পিএসজির জায়গা থেকেও কিন্তু যৌক্তিক।’

বার্সা সভাপতি এরপর আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিয়ে বললেন, ‘আমরা লাউতারোকে নিয়ে ইন্টারের সঙ্গে কথা বলেছি। কথা চলছিল, কিন্তু ফুটবল পুনরায় (করোনা মহামারির মধ্যে) মাঠে গড়ানোর পর আমরা আলোচনা থামিয়ে দেই। এখন দেখা যাক কী ঘটে। কোচের ওপর নির্ভর করছে কোনদিকে যাব।’

অর্থাৎ নতুন কোচ রোনাল্ড কোম্যান সবুজ সংকেত দিলে আবারও লাউতারোর পিছু ছোটা শুরু করবে বার্সা। এদিকে বার্সা শিবিরে এ মুহূর্তে সবচেয়ে প্রতিশ্রুতিশীল আনসু ফাতিকে নিয়েও গুঞ্জন চলছে। বার্সা নাকি তাকে বেঁচে দিতে পারে। কিন্তু বার্তামেউ জানালেন, ফাতি বিক্রির জন্য না, ‘সে কোথাও যাচ্ছে না, আনসু নিজেও তা জানে। তার ভবিষ্যৎ সামনে পড়ে আছে। সে বিক্রির জন্য না।’

ad

পাঠকের মতামত