335882

গবেষণা: পাঁচ কারণে বাংলাদেশের মানুষ বিদেশ যায়

জীবিকা নির্বাহ ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটলে ৯৯ শতাংশ সম্ভাব্য বাংলাদেশি অভিবাসী দেশেই থাকতেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আজ বুধবার জাতিসংঘের এই সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সেখানে বলা হয়েছে, মূলত পাঁচটি প্রধান কারণে বাংলাদেশের মানুষ বিদেশে অভিবাসন করেন। সেগুলো হলো- জীবিকার অভাব (বিশেষ করে প্রাতিষ্ঠানিক খাতে), অপর্যাপ্ত উপার্জন, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সেবার অভাব ও সীমিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা।

বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ে ‘বাংলাদেশ: সার্ভে ওন ড্রাইভারস অফ মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেন্টস্ প্রোফাইল’ নামের এই প্রতিবেদনটি তৈরি করতে ২০১৯ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে সর্বমোট ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য অভিবাসীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী ৮৯ শতাংশ উত্তরদাতা পুরুষ এবং সবার গড় বয়স ২৭ বছর। কী কী পরিবর্তন করা হলে দেশে থাকবেন, এমন প্রশ্নের জবাবে প্রায় ৯৯ শতাংশ সম্ভাব্য অভিবাসী উত্তর দেন, উন্নত কর্মসংস্থানের সুযোগ পেলে তারা বাংলাদেশেই থেকে যাবেন।

এদের মধ্যে আবার ৩৮ শতাংশ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে তারা দেশে থাকবেন। ৩৬ শতাংশের জবাব, উন্নত নিরাপত্তা ব্যবস্থা হলে এবং ২৯ শতাংশ বলেন, সুলভ স্বাস্থ্যসেবার কথা। অর্ধেকেরই বক্তব্য হচ্ছে, তারা দেশে থাকবেন যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি সহায়তা করা হয়।

এ বিষয়ে আইওএম বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, প্রথমবারের মতো দেশব্যাপী সম্ভাব্য অভিবাসীদের ওপর জরিপ চালিয়েছে তারা। এটি বাংলাদেশ থেকে অভিবাসনের আর্থ-সামাজিক চালিকাশক্তিগুলো নিয়ে কাজ করতে সহযোগিতা করবে বলে মনে করেন তিনি। পাশাপাশি শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে উচ্চস্তরের আলোচনা ত্বরান্বিত করতে সাহায্য করবে।

ad

পাঠকের মতামত