335337

ভাসানচরের কাছে চিনিবোঝাই জাহাজ ডুবি

নিউজ ডেস্ক।। ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে অপরিশোধিত চিনিবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত বড় জাহাজ থেকে অপরিশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। এমভি সিটি-১৪ নামের জাহাজটি সিটি গ্রুপের মালিকানাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘হাতিয়া চ্যানেলের ডাউনে ঠেঙ্গারচরের কাছে ভাসানচরের অদূরে অতিরিক্ত ঢেউয়ের কারণে জাহাজের হ্যাজে পানি প্রবেশ করে ডুবে যায়। ডুবে যাওয়ার পর জাহাজটিকে ঠেঙ্গারচরের তীরের কাছে নিয়ে যাওয়া হয়েছে।’

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক জানান, ওই পথ দিয়ে যাওয়া অপর লাইটারেজ জাহাজ এমভি রূপসী-১ ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনার ফলে হাতিয়া চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বাধা নেই।

ad

পাঠকের মতামত