ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট
নিউজ ডেস্ক।। হঠাৎ করেই বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের এই বাড়তি চাপ আর বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরে যান চলাচল আজ শুক্রবার ভোর ৪টা থেকে দুপুর পর্যন্ত অন্তত ছয়বার বন্ধ থাকে।
যার ফলে টাঙ্গাইলের সীমানায় সেতু পূর্বপাড় থেকে করটিয়া পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ঈদে ঘরমুখো মানুষদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এবার ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃহস্পতিবার রাত অবধি কোনো যানজট দেখা যায়নি। অন্যান্য বছর ঈদযাত্রায় ঈদের তিন আগে থেকেই যানজটের কারণে সড়কেই সাত-আট ঘণ্টা বা তারও বেশি সময় আটকে থাকার ঘটনাও ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্তও তার উল্টো চিত্র ছিল এই মহাসড়কে। বন্যা ও করোনার কারণে এবার অনেকেই গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই ঈদ করবেন।
আজ ভোর থেকে হঠাৎ করেই বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে বলে জানান সেতু এলাকায় দায়িত্বরত জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার নাসির রোকন।
দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে। এ কারণে করোনাভাইরাস বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, যানবাহনের অত্যধিক চাপ বেড়ে যাওয়ায় সড়কে যানবাহনের স্বাভাবিক গতি কমে যাওয়ায় কোনো কোনো এলাকয় ধীরগতিতে চলছে যানবাহন। তবে কোথায় কোনো লাগাতার যানজটের ঘটনা ঘটেনি বলেও এই পুলিশ অফিসার জানান।
এদিকে এবারো ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উত্তরের পথের মহাসড়কে টাঙ্গাইলের সীমানায় পুলিশকে নতুন কৌশলে কাজ করতে দেখা গেছে। ফলে গতকাল পর্যন্ত মহাসড়কটির জেলার সীমানায় ছিল না দীর্ঘ কোনো যানজট।
যানজট নিরসনে গত ২৭ জুলাই সোমবার থেকে টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাঁচটি পয়েন্টে ৬১০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নিশ্চিত করেছেন।
মহাসড়কে যানজট নিরসনে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ও পুলিশ সদস্যদের করোনা নিরাপত্তা সরঞ্জামও দেওয়া হয় বলে জানান এই পুলিশ সুপার।
আজ ভোর থেকে সড়কটির ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের কারণ জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত অন্তত ৫ বারে ১ ঘণ্টা ২৯ মিনিট সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
এছাড়াও গত ঈদের আগের দিন সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজারের মতো গাড়ি পার হয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় গাড়ি পার হয়েছে ৪৮ হাজার ৩২১টি।
হঠাৎ করেই সড়কের ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংখ্যক যানবাহনের চাপ আর ওভারটেকের কারণেই সড়কটির কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলছে।
তবে আমিসহ আমার পুলিশ সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছি যাতে ঈদে ঘরমুখি মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।






