332895

আজও ভারি বর্ষণের আভাস, বন্দরে স’তর্কতা

নিউজ ডেস্ক।। গত কয়েকদিন ধরে সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হচ্ছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবারও দেশে ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সামুদ্রিক সতর্কবার্তা অব্যাহত রয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। এছাড়া কুতুবদিয়ায় ১৫৪ মিলিমিটার এবং কক্সবাজারে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার।

ad

পাঠকের মতামত