322258

অসম প্রেম: জরিমানার টাকা আ’লীগ নেতার পকেটে

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের সখীপুরে রুকসানা বেগম (২৮) নামের এক গৃহবধূর সঙ্গে রুহান (১৬) নামে এক কিশোরের প্রেম হয়। এ ঘটনায় ২ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয় ওই কিশোরকে।

সেই জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদারের বিরুদ্ধে। উপজেলার হতেয়া বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, সম্প্রতি উপজেলার বনানীপাড়া এলাকার প্রবাসী বাবুল কাজীর স্ত্রী এক সন্তানের মা রুকসানা বেগমের সঙ্গে মির্জাপুর উপজেলার দীঘিবাড়ি এলাকার প্রবাসী লুৎফর রহমানের ছেলে রুহান আহম্মেদ প্রেম করে পালিয়ে যায়।

এ ঘটনা মীমাংসা করতে হাতিবান্ধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদার মেয়ে ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন। বিষয়টি মীমাংসা বাবদ ছেলের বাবার কাছে চার লাখ ও মেয়ের মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই আওয়ামী লীগ নেতা।

পরে ছেলের দাদা সাবেক ইউপি সদস্য জামাল হোসেনের কাছে মেয়ের পরিবারকে দেয়ার জন্য ২ লাখ ৮৯ হাজার টাকা হাতিয়ে নেন বাবুল সিকদার। মেয়ের মা ও ওই গৃহবধূ আদায়কৃত টাকা না পেয়ে টাকা সাংবাদিক ও স্থানীয়দের কাছে বিষয়টি জানায়।

ছেলের দাদা জামাল হোসেন বলেন, সালিশি বৈঠকের মাতাব্বর আমজাদ মাস্টার ও কাশেম মাস্টারকে নিয়ে দুই দফায় ২ লাখ ৮৯ হাজার টাকা বাবুল সিকদারের কাছে জমা দিয়েছি। সে টাকা মেয়ের পরিবারকে দিছে না দিছে আমি জানি না। মেয়ের মা আছিয়া বেগম বলেন, বাবুল সিকদার আমাকে টাকা দেয়া তো দূরের কথা উল্টো আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করছেন।

এ ঘটনায় অভিযুক্ত বাবুল সিকদার বলেন, কিছু টাকা ক্লাবে দেয়া হয়েছে বাকি টাকা মেয়ের মা নিয়ে নিছে। এখন আমাকে ফাঁসানোর জন্য স্থানীয়রা এ কাজ করছে। আমার কোনো দোষ নেই। উৎসঃ যুগান্তর

ad

পাঠকের মতামত