318084

কাউকে হেল্প করে প্লিজ সেই মানুষটির ছবি অন্তত পোস্ট দিয়েন না : পলাশ

বিনোদন ডেস্ক।। এই করোনা আক্রান্ত সময়ে সুরক্ষিত থাকতেই অন্য সকলের মতো ঘরেই রয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে তার এই অফিসিয়াল নামটার চেয়েও বোকা বাক্সের চরিত্রের নামে তিনি বেশি পরিচিত। তার যে অন্য নাম দুটি এরই ভেতরে জনপ্রিয়তা পেয়েছে তা হলো কাবিলা ও পারভেজ। নিজের সাফল্যের সূচক এই দুটি চরিত্র নিয়ে পলাশ বলেন, ‘নিজের জনপ্রিয়তার অঙ্ক কেউ নিজে বলতে পারে না। তবে এটা ঠিক আমাকে অনেক দর্শকেরা বলেন যে, আমার অভিনয়ে ঠিক অভিনয় তারা খুঁজে পান না। তারা মনে করেন সত্যিকারের আমিটাই এ রকমভাবে কথা বলছি। এটা আমার জন্য বড় একটা কমপ্লিমেন্ট।’ গত প্রায় ২ বছর ধরেই ছোটপর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন পলাশ। একইসঙ্গে অভিনয় ও নির্মাণে স্বাচ্ছন্দ্য তার যাতায়াত। এই কোয়ারেন্টাইন সময়ে কী করছেন জানতে চাইলে পলাশ বলেন, ‘আমি মূলত এখন বইপড়া আর নতুন কাজের স্ক্রিপ্ট তৈরির কাজ করছি। সময়টাকে দারুণভাবে কাজে লাগানোর চেষ্টা করছি।’

মোস্তফা সরওয়ার ফারুকীর প্রতি মোহাবিস্ট হয়েই পলাশের এই মাধ্যমে যাতায়াত। তাই টিভি স্ক্রিনে অভিনয়ের পাশপাশি নির্মাণেও একই সমান সময় দিচ্ছেন তিনি। পলাশ বলেন, ‘ফারুকী ভাইয়ের জন্যই আমার আজকের এই এতদূর আসা। তার প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা।’

এদিকে কাজল আরেফীন অমি আর জিয়াউল হক পলাশের গত বছরে সবচেয়ে বেশি দর্শক তাদের কাজ দেখেছে এমনটা বিচার করেই দেশের শীর্ষ ডিজিটাল নেটওয়ার্ক সংস্থা কাইনেটিক তাদের পুরস্কৃত করে। পলাশের মাত্র ক’বছরের ক্যারিয়ারে তাই এই সবই দারুণ প্রাপ্তি। এর বাইরে অনেকেই যখন বলছেন যে শীর্ষ জনপ্রিয় তারকারা তাদের নিজেদের কাজের বাইরে এই সঙ্কট সময়ে মানুষের পাশে দাঁড়াননি। ঠিক তখন এই বিষয়ে জানতে চাওয়া হলে পলাশ বলেন, ‘ভাই এগুলো তো ফেসবুকে পোস্ট দিয়ে জনে জনে বলে বেড়ানোর কাজ না। প্রায় প্রতিদিন আমরা একটি গ্রুপ বেঁধে দরিদ্র মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেওয়ার কাজটি করছি। গতকালকেও তেজগাঁও রেলস্টেশনের ছিন্নমূলদের খাবার দিলাম তাদের বিপদের কথা শুনে ব্যবস্থা চেষ্টা করলাম আমরা।

তাই এসব কাজ আমার বিবেকের তাড়নায় করে যাচ্ছি। আর আমার একটাই অনুরোধ কাউকে হেল্প করে প্লিজ সেই মানুষটির ছবি অন্তত পোস্ট দিয়েন না। কারণ দেশের একেবারে হতদরিদ্রের ভেতরেও একটা শক্তিশালী আত্মসম্মান কাজ করে। তাকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আপনার নিজের ছবি পোস্ট দেন ঠিক আছে। কিন্তু যাকে সাহায্য করছেন তারটা অন্তত মুছে পোস্ট দেন।’ পৃথিবীর এই সুস্থতার প্রার্থনাতেই সময় কাটছে পলাশেরও। সবকিছু ঠিকঠাক হলে আবারও ফ্যামিলি ক্রাইসিস বা ব্যাচেলর  পয়েন্টের নতুন পর্বগুলো শুরু হবে বলে জানান তিনি। দর্শকেরাও যার জন্য মুখিয়ে রয়েছেন। উৎস: ইত্তেফাক।

ad

পাঠকের মতামত