কর্মীদের অগ্রীম বেতন দিয়ে ছুটি দিলেন নিপুণ
বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের অনেক তারকাই অভিনয়ের বাইরে ব্যবসার সঙ্গে জড়িত। তার মধ্যে একজন নায়িকা নিপুণ। তিনি অনেক আগেই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়। রাজধানীর বনানীতে প্রসাধনী ও লাইফস্টাইকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র কর্ণধার এই নায়িকা। এদিকে করোনা প্রতিরোধে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।
ঢাকাই এ নায়িবা কর্মীদের বন্ধের পাশাপাশি অগ্রিম বেতন দিয়েছেন। বিষয়টি তিনি নিজে তার ভ্যারিভাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
নিপুণ বলেন, ‘আপনারা জানেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।’
কিছুদিন আগে নিপুণের মা ও মেয়ে বিদেশ থেকে এসেছেন। বিষয়টি উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘আমার মা-মেয়ে কিছুদিন আগে নিউ ইর্য়ক থেকে এসেছেন। আর আমার ভাই থাইল্যান্ড থেকে এসেছেন। ওনারা নিজেদের গৃহবন্দি রেখেছেন। আমি চাই আপনারা যারা বিদেশ থেকে এসেছেন তারাও নিজেদের গৃহবন্দি করে রাখেন। একটু সাবধানতা অবলম্বন করলে আমরা করোনার সাথে হয়তোবা যুদ্ধ করতে পারব।’




