313679

কো.য়ারেন্টিন না মেনে মুজিববর্ষের অনুষ্ঠানে থাকার যে ব্যাখ্যা দিলেন কামরান

নিউজ ডেস্ক।। যুক্তরাজ্যের লন্ডন থেকে ফেরার দুদিন পরেই গত সোমবার মুজিববর্ষের কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। কোয়ারেন্টিনে না থেকে জনবহুল এসব অনুষ্ঠানে যোগ দেওয়ায় কামরানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এবার কোয়ারেন্টিনে না থেকে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাখ্যা দিলেন কামরান।

আজ বৃহস্পতিবার দৈনিক আমাদের সময়কে বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘আমি লন্ডন থেকে আসি অন্য এক আবেগের টানে। আমি জানি এবং আপনারাও জানেন এ বছরের ১৭ মার্চ টোটাল ভিন্ন। এরকম একটি দিন আমার জীবনে আর আসবে না। আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ হিসেবে আমি এই দিনটাকে মিস করতে পারি না। তাই দেশে চলে আসি। তবে দেশে ফিরে এয়ারপোর্টে সার্বিক নিয়ম অনুসরণ করেই বাড়ি ফিরেছি। যেমন আমাকে একটা হলুদ স্লিপ দেওয়া হলো তথ্য পূরণ করে দেওয়ার জন্য। এরপর আমার শারীরিক অবস্থা পরীক্ষা করা হলো। এরপর আমাকে বাসায় যেতে বলা হলো। আমি যথারীতি বাসায় চলে আসি।’

তিনি বলেন, ‘অন্যবার যেমন আমি বিদেশ থেকে ফিরলে নেতাকর্মীরা আমাকে রিসিভ করতে যায়, এইবার আমি সেটা না করে দেই। শুধুমাত্র আমার ছেলে গাড়ি নিয়ে আমাকে রিসিভ করে। আমার ছেলেও একজন ডাক্তার, সে নিজেও আমার শারীরিক অবস্থা অবজার্ভ করে। তার স্বাভাবিক দৃষ্টিতে আমি সুস্থ- এটা সে বলে। আল্লাহর রহমতে আমি কিন্তু এখনো সুস্থ আছি।’

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘অন্যদিকে সরকারের যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা বিদেশে ভিন্ন পরিস্থিতে থাকায় আমি জানতাম না। আমি জানলে কেন তা মানবো না? বিমানবন্দরে আমাকে অবহিত করলে আমি অবশ্যই সে নির্দেশনা অনুসরণ করতাম।’ সিলেটের সাবেক এ মেয়র দুঃখ প্রকাশ করে বলেন, ‘তারপরও বলি, এটা নিয়ে যেহেতু আলোচনা-সমালোচনা হচ্ছে সে কারণে আমি দুঃখ প্রকাশ করছি।’

ad

পাঠকের মতামত