311845

মাসুদ রানার চরিত্রে এবিএম সুমন!

বিনোদন প্রতিবেদকঃ বিশ্বের জনপ্রিয় সিনেমার তথ্য সাইট আইএমডিবি’তে প্রকাশ করা হয়েছে ‘এম আর নাইন’ সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে সোয়াট টিমের এসি আশফাক হয়ে নজর কাড়া এবিএম সুমনকে। আর এ পোস্টারের উপর লেখা হয়েছে এবিএম সুমনই মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

আইএমডিবির ওয়েব সাইটে জানানো হয়েছে, হলিউডের নির্মাতা আসিফ আকবর এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। কাজী আনোয়ার হোসেনের সিরিজ থেকেই মাসুদ রানা নির্মাণ হচ্ছে।

আইএমডিবির ওয়েব সাইটে এ সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করা হয়েছে। যেখানে জান্নাতুল ফেরদৌস পিয়াকে রুপা চরিত্রে, সানজু জনকে এজেন্ট চরিত্রে দেখা যাবে। বাংলাদেশ থেকে আরো অভিনয় করবেন তারিক আনাম খান।

আইএমডিবি’তে প্রকাশ করা ‘এম আর নাইন’ সিনেমার পোস্টার

এদিকে গত বছর মাসুদ রানা সিনেমার সেকেন্ড ইউনিট ডিরেক্টর ফিলিপ টানসহ টিমের কয়েকজন ঢাকায় এসেছিলেন। সে সময় মাসুদ রানা চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন এবিএম সুমসন। অডিশনের আগে মার্শাল আর্ট প্রশিক্ষণসহ নিজের ওজনও কমিয়েছিলেন এ অভিনেতা।

ওই সময় এ অভিনেতা বলেছিলেন, অনেক আগে থেকে বলতাম যদি কখনো মাসুদ রানা সিরিজ হয় তাহলে যেন অডিশনের সুযোগ পাই। আমি সব সময়ই মাসুদ রানা হতে চেয়েছি। ভেবেছিলাম, বাংলাদেশে যদি কোনোদিন এরকম সিনেমা নির্য়মাণ হয় তাহলে অডিশন দেবো। অবশেষে অডিশন দিলাম। এখন অপেক্ষা ফলাফলের।

তাহলে কি এবিএম সুমনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ‘এম আর নাইন’-এ মাসুদ রানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। যদিও ছবিটির পোস্টার ছড়িয়ে যাওয়ার পর অনেকেই বলছেন ওয়েব সাইটটি যেসব তথ্য শেয়ার করেছে তা অফিশিয়াল নয়। তবে এর সঠিক উত্তর পেতে সিনেপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

ad

পাঠকের মতামত