আল্লামা আযহার আলী আনোয়ার শাহ মারা গেছেন
দেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম।
মঙ্গলবার ভোর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
ডা. তাহসিন সালামের তত্বাবধানে থাকা আনোয়ার শাহ এর শারীরিক অবস্থা মঙ্গলবার ভোর রাতে সংকটাপন্ন অবস্থায় উপনীত হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
গত ১০ অক্টোবর আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন। ব্যাংককে চিকিৎসা শেষে ১৪ ডিসেম্বর আনোয়ার শাহ দেশে ফিরেন।
আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তার অসংখ্য ছাত্র ও ভক্ত। তার মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।




