307885

রাজশাহীতে হঠাৎ বর উধাও, বিয়ে বাড়ির খাবার দেওয়া হলো এতিমখানায়!

কনের হাতে মেহেদি, গায়ে গহনা, পড়নে লাল বেনারসি। বধূবেশে সেজেছে নববধূ দুই স্কুলছাত্রী। বরও মাথায় পাগড়ি, শেরওয়ানি পড়ে বিয়ে বাড়িতে হাজির। শুধু কবুল বলার পালা। ঠিক এমন সময় বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে হঠাৎ বিয়ের আসর থেকে বর উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রাইয়াপুর ও একই ইউনিয়নের কালিদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, আজ দুপুরে রাইয়াপুর গ্রামের মো. আনারুল ইসলামের পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়ে মিম আক্তার (১৩) ও কালিদিঘি গ্রামের মো. হাবিবুর রহমানের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রেশমি খাতুনের (১৪) বাল্যবিয়ের খবর পেয়ে দুই বিয়ে বাড়িতে অভিযান চালায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক।

এ সময় অভিযান টের পেয়ে রাইয়াপুরে বাল্যবিয়ের আসর থেকে বর উধাও হওয়ার ঘটনা ঘটে। অপরদিকে কালিদিঘি গ্রামে বিয়ে বাড়িতে বর উপস্থিত না হলেও বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। পরে ওই বিয়ে বাড়ির সমস্ত খাবার এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া মিম আক্তার স্থানীয় বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও রেশমি খাতুন সোনাদিঘি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, দুই পরিবারের বাবা-মা তাদের মেয়েদের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। আবারও বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত