307692

‘বিজেপির গেরুয়া পরিহিত ব্যক্তিরা বিয়ে করে না, মহিলাদের ধ’র্ষণ করে বেড়ায়’

আন্তর্জাতিক ডেস্কঃ গেরুয়া পরিহিত ব্যক্তিরা বিয়ে করে না, মহিলাদের ধ’র্ষণ করে – এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পাকুড়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। সরাসরি যোগী আদিত্যনাথের নাম নিয়ে আক্রমণ করেন ওই নেতা। খবর: কলকাতা২৪।

সম্প্রতি উন্নাও ধ’র্ষণ-কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে বিজেপি নেতা কুলদীপ সেনগর। আর তারপরই হেমন্ত সোরেন সেই প্রসঙ্গ টেনে এনে আক্রমণ করেন। তিনি বলেন, ‘আজ দেশ জুড়ে মেয়ে-বউদের পুড়িয়ে মারা হচ্ছে। আমি তো এটাও শুনেছি যে, যোগীও গেরুয়া পরে ঘুরে-বেড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এরা হল সেই ধরনের লোক, যারা বিয়ে করে না কিন্তু গেরুয়া পরে মহিলাদের ধ’র্ষণ করে।’

উত্তরপ্রদেশের উন্নাওয়ে ২০১৭ সালে এক নাবালিকাকে ধ’র্ষণের অভিযোগে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির এক আদালত। উন্নাও জেলার বাঙ্গারমাউ কেন্দ্রের বিধায়ক সেঙ্গার গ্রেফতার হন ১৩ এপ্রিল, ২০১৮ সালে। তদবধি জেলেই রয়েছেন তিনি। দেশজোড়া বিক্ষোভ এবং সংসদে তীব্র প্রতিবাদের চাপে তাঁকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয় বিজেপি।

২০১৮ সালেরই ৮ এপ্রিল এক যুবতী, যাঁকে পরবর্তীকালে “উন্নাওয়ের নির্যাতিতা” বলেই অভিহিত করা হয়ে এসেছে, লখনৌয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি ছিল, বিধায়কের বিরুদ্ধে তিনি যৌন নির্যাতনের অভিযোগ করলেও কোনও পদক্ষেপ নেয় নি পুলিশ।

ওই যুবতী এবং তাঁর মা ও দিদিমা সমেত পরিবারের আটজন সদস্যকে গৌতম পল্লী থানায় নিয়ে যায় পুলিশ। সাংবাদিকদের ওই যুবতী জানান যে সেঙ্গার নিজের বাড়িতে ২০১৭ সালের জুন মাসে তাঁকে যৌন নিগ্রহ করেন, এবং তাঁর পরিবারকে হুমকিও দেওয়া হয়।

উন্নাও পুলিশের বক্তব্য, যুবতীর পরিবার অভিযোগ জানায় যে ১১ জুন, ২০১৭-য় যুবতীকে অপহরণ করে তাঁর গ্রামেরই দুই যুবক, এবং ওই দুজনের বিরুদ্ধে ২০ জুন মামলা দায়ের করা হয়। যুবতীর বয়ানের ভিত্তিতে গণধ’র্ষণ এবং পকসো (POCSO) আইন লঙ্ঘনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আরও অভিযোগ, ঘটনার সময় যুবতীর বয়স ছিল ১৭ বছর।

ad

পাঠকের মতামত