গোলআলু ছুঁড়ে মার্কিন সেনাদের বিদায় দিল সিরিয়ার জনগণ (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযান শুরু করার প্রেক্ষিতে ওই অঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের ইরাকে নেয়া হয়েছে। সিরিয়া থেকে ইরাক সীমান্তের দিকে যাওয়ার সময় মার্কিন সেনাবহরে গোলআলু ছুঁড়ে মেরেছে সিরিয়ার জনগণ। মার্কিন সেনাদের থামিয়ে গাড়িগুলোতে আলু নিক্ষেপ করে তারা।
দখলদার বাহিনীর প্রতি সিরিয় জনগণের এমন ক্ষোভের বহিঃপ্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন থাকার কারণে সিরিয়ার জনগণের ভেতরে যে ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছিল গোলআলু ছুঁড়ে মারার মধ্যদিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দেন। এরইমধ্যে তুরস্কের সীমান্তবর্তী কয়েকটি শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। এসব সেনাকে পশ্চিম ইরাক সীমান্তে মোতায়েন করা হবে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে।
সিরিয়ায় মোতায়েন থাকার সময় এসব সেনা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে সিরিয়ার সরকারি ও বেসরকারি স্থাপনা এবং সাধারণ জনগনের উপর হামলা চালিয়েছে। জাতিসংঘ কিংবা সিরিয়ার কোন অনুমতি না নিয়েই আমেরিকা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দুই হাজারের বেশি সেনা মোতায়েন করেছিল। সিরিয়া ইরান এবং রাশিয়া বারবার আহ্বান জানানোর পরও আমেরিকা সেনা প্রত্যাহার করেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমেরিকার ওপর কার্যকর চাপ সৃষ্টি করেনি।
সম্প্রতি তুর্কি সরকার সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগ মুহূর্তে মার্কিন সরকার সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয়। অবশ্য এজন্য ড্রোনাল্ড ট্রাম্পকে দেশের ভেতর ও বাইরে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেনা প্রত্যাহারের বিরোধিতাকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে কুর্দি গেরিলাদের সমর্থন দেয়ার পর তুর্কি অভিযানের সময় তাদেরকে এভাবে একা ফেলে যাওয়া ট্রাম্প প্রশাসনের উচিত হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সিদ্ধান্তের উপর অনড় রয়েছেন।




