303862

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে জাপান

মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে জাপান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপানের নতুন রাষ্ট্রদূত নাওকি ইতো এ তথ্য জানিয়েছেন। একই দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

জাপানের নতুন রাষ্ট্রদূত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রসংশা করেন। পাশাপাশি বিবৃতিতে জাতিসংঘের সহযোগিতায় তাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন উপলক্ষে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়াতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া ২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী পালন করবে জাপান-বাংলাদেশ।

নাওকি ইতো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের সূচকের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে। গত ১০ বছরে বিশ্বের শীর্ষ জিডিপি বৃদ্ধির দেশ বাংলাদেশ। তরুণ ও পরিশ্রমী জনসংখ্যার বাংলাদেশের বিকাশের সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ জাপানের কাছ থেকে প্রায় ২৭৫ বিলিয়ন ইয়েন ওডিএ (অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) পেয়েছে, যা আড়াই হাজার মার্কিন ডলারের সমান।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন জাপানের ওডিএ’র দ্বিতীয় বৃহত্তম প্রাপক দেশ। জাপান বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে প্রায় তিনশ জাপানি সংস্থা কাজ করছে।

ad

পাঠকের মতামত