303680

এবার বুয়েট শহীদ মিনার থেকেও মুছে ফেলা হলো ছাত্রলীগের নাম

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ এবং আহসানুল্লাহ হলে ব্যবহৃত ছাত্রলীগের অফিস কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার ফলকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল ব্যানারের নিচে লেখা ‘বাংলাদেশ ছাত্রলীগ’ থেকে ‘ছাত্রলীগ’ শব্দটিও সাদা রং দিয়ে মুছে দেয়া হয়েছে।

মঙ্গলবার বুয়েট শহীদ মিনারের ওই ফলকে এই চিত্র দেখা যায়। তবে এটি কে বা কারা করেছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।কেউ কেউ মনে করছেন ভর্তি পরীক্ষার সময় আসা শিক্ষার্থীদের কেউ এ কাজ করতে পারেন। আবার কেউ কেউ মনে করছেন, বুয়েট ক্যাম্পাসেরই ছাত্রলীগের ওপর বিক্ষুধ্ব কেউ এ কাজটি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত দু’বছর আগে বুয়েট প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার তৈরি করা হয়। সেখানে নিজেদের অবস্থান জানান দিতে ফলকের মধ্যে ব্যানার লাগিয়ে দেয় ছাত্রলীগ।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। পরের দিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এজাহারনামীয় আসামি।

ad

পাঠকের মতামত