খুলনায় মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জিডি করায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনী
খুলনার পাইকগাছায় মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে আপত্তিকর জিডি করায় উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদককে এলাকাবাসী গণপিটুনী দিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে।রোববার সকালে উপজেলার গোপালপুর সায়েদের মিল নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার চেঁচুয়া গ্রামের আনোয়ার ও স্থানীয় মোস্তাক মোড়লদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে উভয়ের মধ্যে আদালত ও থানায় মামলা রয়েছে।
গোপালপুর গ্রামের কোরবান গাজীর মেয়ে মহিলা লীগ নেত্রী খুকুমনি প্রতিবেশী মোস্তাকদের পক্ষ নেয়ায় গত ১১ অক্টোবর পাইকগাছা থানায় আনোয়ার হোসেন খুকুমনিসহ ৫ জনের বিরুদ্ধে আপত্তিকর জিডি করে। জিডিতে খুকুমনিকে দুশ্চরিত্র, স্বার্থলোভী, নারী দালাল, জঘন্য ও পতিতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
জিডির বিষয় জানার পর খুকুমনি ও তার স্বজনরা আনোয়ারের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী আনোয়ারকে বেধড়ক গণপিটুনি দেয়। আনোয়ারের শ্বশুর হায়দার মোড়ল জানান, গণপিটুনিতে আনোয়ারের ১টি হাত ও ১টি পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আমার জামাতা প্রতিবেশীদের দ্বারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে। আনোয়ার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক। এ ব্যাপারে মোস্তাক মোড়ল জানান, আনোয়ার ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ইতিপূর্বে এলাকায় বিভিন্ন অপকর্ম করায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়েছে।
এ ব্যাপারে মহিলা লীগ নেত্রী খুকুমনি জানান, আনোয়ারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নেই। আমার বিরুদ্ধে আপত্তিকর জিডি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।




