301555

দ্বিতীয় স্ত্রীর সহায়তায় প্রথম স্ত্রীকে খুন করলেন স্বামী

দ্বিতীয় স্ত্রীর সহায়তায় প্রথম স্ত্রীকে খুন করেছেন স্বামী। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী তার প্রথম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। উপজেলার শ্রীমন্তপুর ইউপির রশিদপাড়া গ্রামের নফির উদ্দিনের প্রথম স্ত্রী লুতফুলকে তার স্বামী নফির উদ্দীন ও তার দ্বিতীয় স্ত্রী হিমু লতা উভয় মিলে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজ শয়নকক্ষে শ্বাস রোধ করে হত্যা করে। রাত ১১টার দিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় নেয়। সে সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দীন এবং দ্বিতীয় স্ত্রী হিমু লতাকেও আটক করে থানায় নেয়।

ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, শুক্রবার রাত ১১টায় উপজেলার শ্রীমন্তপুর ইউপির রশিদপাড়া গ্রামের নফির উদ্দিনের প্রথম স্ত্রী লুতফুলকে হত্যার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দিন এবং নফির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী হিমু লতাকে আটক করে থানায় নিয়ে এসেছি। এর পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন মিলে লুতফুলকে হত্যার কথা স্বীকার করেছে।

শনিবার বেলা ১২টায় নওগাঁ জেলার অ্যাডিশনাল এসপি রাশিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নিয়ামতপুর থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।

ad

পাঠকের মতামত