ভর্তির ফর্মে জাত-ধর্ম উল্লেখ করলো না লক্ষাধিক শিক্ষার্থী
জাত-ধর্মের প্রাচীর ভেঙে ফেলতে যেন নিরব প্রতিবাদ করছেন কেরালার নতুন প্রজন্ম। শিক্ষাক্ষেত্রে ভর্তির সময় জাত বা ধর্ম উল্লেখ করতে দিনদিন অনাগ্রহী হয়ে উঠছে তারা। যা জাতি-ধর্মের হানাহানির খবর আসা ভারতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্কুল-কলেজে ভর্তির সময়ে ফর্মে জাত-ধর্মের উল্লেখ করেননি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলী কেরালা রাজ্যের ১ লাখেরও বেশি শিক্ষার্থী। গত ২৫ সেপ্টেম্বর, বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক সি রবীন্দ্রনাথ প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই পরিসংখ্যান তুলে ধরেন।
কেরালার শিক্ষামন্ত্রী জানান, জাত-ধর্মের জন্য নির্দিষ্ট জায়গাটি ফাঁকা রাখার এই ‘ট্রেন্ড’ প্রতি শিক্ষাবর্ষেই উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। তবে সকলেই যে এই ‘ট্রেন্ডে’ গা ভাসাচ্ছেন তা-ও নয়।
রাজ্যটির ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন (ভিএইচএসই) কোর্সে ভর্তি হওয়া সমস্ত ছাত্রছাত্রীই ফর্মে জাত-ধর্মের উল্লেখ করেছেন বলেও জানান মন্ত্রী।






