301155

জঙ্গি তৈরি করেছিলো পাকিস্তান: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা তিনটি জঙ্গি গোষ্ঠী তৈরি করি। জিহাদিরা তখন নায়কের মর্যাদা পেত। তারপর ১৯৮৯ তে সোভিয়েত আফগানিস্তান ছেড়ে চলে যায়। মার্কিনরাও আফগানিস্তান ছেড়ে চলে গেলো। শুধু আমরা রয়ে গেলাম এই গোষ্ঠীদের নিয়ে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউইয়র্কভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের সিদ্ধান্তটি ভুল ছিলো বলেও দাবি করেন ইমরান।

ইমরান খান বলেন, নাইন ইলেভেন (৯/১১) হামলার পর তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে জড়িয়ে ‘মস্তু বড় এবং মারাত্মক একটি ভুল’ করেছে। পারভেজ মোশাররফ সরকারের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, সরকারের উচিত ছিলো না এমন কোনো প্রতিশ্রুতি দেয়া যা তারা বাস্তবায়ন করতে পারবে না।

প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলা করে সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা। তারপর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের ওপর যে তিনটি দেশের সমর্থন ছিলো তাদের মধ্যে অন্যতম পাকিস্তান।

কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেই সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনকে সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানের ওই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেয়া উচিত ছিলো।’

পাকিস্তান ভুক্তভোগী দাবি করে ইমরান খান বলেন, আফগানিস্তানে কোনো ধরনের সামরিক সমাধান সম্ভব নয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, যদি বিগত ১৯ বছর ধরে আপনি সফল হতে না পারেন তাহলে আগামী ১৯ বছরও আপনি সফল হতে পারবেন না। পাকিস্তানের চরম সংকটের মুহূর্তে পাশে থেকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা করায় চীনকে ধন্যবাদ জানান ইমরান খান।

ad

পাঠকের মতামত