301146

৫ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার মারধর, মামলা

জেলা প্রতিনিধি -পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় বালু ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। বুধবার দুপুরে বালু ব্যবসায়ী মেহেদী হাসান বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মিলন মিয়া ছেলে।

মামলার এজাহারে বালু ব্যবসায়ী মেহেদী হাসান উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে একটি বড় পুকুর ও নালা ভরাটের ঠিকাদারির কাজ পান তিনি। ওই কাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন দমদমা গ্রামের মিলন মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ। সোমবার মেহেদী হাসান গোহাট্টা গ্রামে তার চাচা মহসিন মিয়ার দোকানে বসে থাকা অবস্থায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন রাশেদ।

ব্যবসায়ী মেহেদী হাসান চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ সভাপতি হাসান রাশেদের নেতৃত্বে তার সহযোগী মোস্তাফিজুর রহমান কাজল, সজীব, জামাল, সুমন ও সানিসহ ২০-২৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাত থেকে মেহেদী হাসানকে উদ্ধার করতে চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন ছুটে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সূত্রঃ জাগো নিউজ

ad

পাঠকের মতামত