293806

যুবকের ভয়ে আত্মরক্ষায় ইউএনওর বাসায় আশ্রয় নিলেন নারী চিকিৎসক!

নিউজ ডেস্ক।। শিক্ষাগ্রহণ করতে এসে জীবন দিয়ে যৌন হয়রানির প্রতিবাদ করে গেছেন নুসরাত জাহান রাফি। তনু হত্যাকাণ্ডের রহস্য এখন উদঘাটনই হয়নি। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই সেবা দিতে এসে এবার যৌন হয়রানি শিকার হলেন ময়মনসিংহের গৌরীপুরে একজন নারী মেডিকেল অফিসার। সেই যুবকের ভয়ে আত্মরক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের বাসায় সোমবার আশ্রয় নেন ভুক্তভোগী ডাক্তার।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়ার আবুল হোসেনের ছেলে রুবেল খান (২৫) নামে এক রোগী প্রায় ১০ দিন আগে হাঁটুতে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। এরপর গত ৭দিন ধরে এ হাসপাতালে একজন নারী চিকিৎসকের পিছু নেয় রুবেল খান। হাসপাতালের ভেতরে ডাক্তারকে উত্ত্যক্তের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ রবিউল ইসলামকে অবহিত করেন। তবে এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কোনোরূপ ব্যবস্থা নেননি। নাছোড়বান্দা ওই যুবক পিছু ছাড়েনি ডাক্তারের।

সোমবার গৌরীপুর উপজেলা হাসপাতাল থেকে বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ওই নারী ডাক্তারের রিকশা থামানোর চেষ্টা করেন। পৌর শহরের রেলক্রসিং এলাকায় নেমে সিএনজিচালিত অটোরিকশা নিতে গেলে সেখানেও হানা দেয় এ যুবক। এরপর ডাক্তার সেখানে সটকে পড়ে পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডে চলে যান। পরে ওই চিকিৎসক টিকিট কেটে বাসে উঠেন। সেখানেও ছুটে যায় এই যুবক। দুপুরবেলায় যাত্রীশূন্য বাসে এ যুবকের উপস্থিতি দেখে তিনি ভয় পান। কারণ জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর দেয়নি। বাসের ভেতরেই দুজনের বাগ্বিতণ্ডার একপর্যায়ে আত্মরক্ষার জন্য ডাক্তার ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সরকারি বাসায়।

ঘটনার বিস্তারিত শুনে উপজেলা হাসপাতালের কর্মকর্তা ও গৌরীপুর থানার ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ইউএনও। ইউএনও ফারহানা করিম জানান, নারী ডাক্তার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৩-৪ দিন আগেই অবহিত করেছিল। তখন ব্যবস্থা নিলে হয়তো এমন পরিস্থিতি ঘটত না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ছেলেটির বাড়ি বোকাইনগর ইউনিয়নে। সে ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহকে বিষয়টি অবহিত করেছি। গৌরীপুর থানার অফিসার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত