সাপের ভয়ে অফিস যান না লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ
ডেস্ক রিপোর্ট।। দুটি কালো সাপের ভয়ে অফিস যাচ্ছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ। গত বুধবার থেকে নিজের কার্যালয়ে না গিয়ে বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ করছেন তিনি। গতকাল শুক্রবার বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন বিচিত্র তথ্য। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।
এক ভিডিওতে দেখা যায়, গর্তে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে। টোবি জানান, গর্তে ধোঁয়া দিয়ে সাপ দুটোকে বের করে আনার চেষ্টা চলছে। অন্তত ২২ এপ্রিল পর্যন্ত ওই ভবন থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। তবে জানা যায়, সাপগুলো মারা না হলেও প্রেসিডেন্ট উইয়াহ কার্যালয়ে ফিরবেন বলে জানান মি. টোবি।
তবে এবারই প্রথম নয়, এর আগেও কার্যালয় ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট উইয়াহ। ২০০৬ সালে এক অগ্নিকাণ্ডে প্রেসিডেন্টের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র দপ্তরে বসছেন। প্রসঙ্গত, ব্যালন ডি’অর জয়ী একমাত্র আফ্রিকান ফুটবলার উইয়াহ ২০১৭ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।




