ইরানের সামরিক ক্ষমতা মানে ইসলামী বিশ্বের ক্ষমতা : ড. রুহানি
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমাদের সামরিক ক্ষমতা মানে এই অঞ্চলের দেশগুলোর ক্ষমতা, ইসলামী বিশ্বের ক্ষমতা। আসুন, একসঙ্গে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই এবং এ অঞ্চল থেকে আগ্রাসনকে ঠেকাই। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশটির সেনা দিবস উপলক্ষে দেয়া দীর্ঘ বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তার ওই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ইসরায়েলকে ইসলামী প্রজাতন্ত্রের এক নম্বর শত্রু হিসেবে তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলের জাতিগুলো শতাব্দীকাল ধরে একে অপরের পাশে বসবাস করেছে এবং তাদের কোনও সমস্যা হচ্ছে না। যদি কোনও সমস্যা হয়, তবে অন্যের কারণে হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্দেশে ড. রুহানি বলেন, ইরানের সামরিক বাহিনী আপনার বা আপনাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে না, কিন্তু আক্রমণকারীদের বিরুদ্ধে। যদি আমরা এই অঞ্চলে বিপদে পড়ি, তাহলে এটি ইহুদিবাদীরা বা সাম্রাজ্যবাদীরা আরও ঔদ্ধত্য হবে।
সমগ্র মুসলিম জাতিকে উদ্দেশ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, গত ৭০ বছর এই অঞ্চলে ইসরায়েল অপরাধ সংঘটিত করে আসছে। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের ঐতিহাসিক সংগ্রামের পাশে দাঁড়ানো উচিত। চূড়ান্ত বিজয় অবশ্যই মুমিনদের হবে। সূত্র : এএফপি




