নাস্তিকতার অভিযোগঃ ফেসবুকে যা লিখলেন সাফা কবির
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ধর্মবিশ্বাস নিয়ে মন্তব্য করে বিতর্কিত হন সাফা কবির। সেই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি পরকালে বিশ্বাস করি না।’ তার এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। সমালোচিত হন তিনি। এদিকে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন সাফা কবির। একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।
আমি এবং আমার আল্লাহ জানে, কারও বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোন কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারও মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’ এদিকে সাফা কবিরের ক্ষমা চাওয়ার ঘটনাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পরিচালক মোস্তফা কামাল রাজ সাফা কবিরের পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘মানুষ মাত্রই ভূল এবং ভূল বুঝতে পারে কয়জন! তুমি বুঝতে পেরেছো ধন্যবাদ!’




