‘স্কুলে পরিমল, মাদ্রাসায় সিরাজ, আমার বোনের নিরাপত্তা কোথায় করছে বিরাজ?’
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ দেশবাসী। শনিবার ফেনীর একটি মাদ্রাসায় ওই ছাত্রীর গায়ে আগুন দেওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে সবাই।বুধবার নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে সেই ক্ষোভ বাঁধ ভেঙে যায়। রাস্তায় নেমে আসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।তাদের হাতে শোভা পায় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন।
শনিবার রাজধানীতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।বৃহস্পতিবার সোনাগাজীতে নুসরাতে জানাজায় লাখো মানুষ অংশ নেয়। তারা নারী নির্যাতন বন্ধসহ নুসরাতকে হত্যার দাবি জানান।দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তা, গণপরিবহন সর্বত্র চলছে নারীর প্রতি সহিংসতা। এ যেন থামতেই চায় না। নুসরাতের ঘটনা সবার বিবেককে সে কথাই জানান দিয়ে গেছে। কেউ বুঝে উঠতে পারছে না নারী নির্যাতন বন্ধ হবে কবে।
এর জন্য সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি সমাজের সর্বত্র মানুষের সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলছেন সবাই।
তবু শংকা কমছে না। স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়- যেখানে সুকুমার বৃত্তির বিকাশ হওয়ার কথা, সেখানেই নির্যাতনের শিকার হচ্ছে ছাত্রীরা। ছবির এই ছোট মেয়েটির মতো তাই মনে বার বার প্রশ্ন জাগছে- ‘স্কুলে পরিমল, মাদ্রাসায় সিরাজ। আমার বোনের নিরাপত্তা কোথায় করছে বিরাজ?’ সূত্র: দেশ রুপান্তর




