নওগাঁয় বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বৃদ্ধের ধর্ষন
নিউজ ডেস্ক।। নওগাঁর রাণীনগরে এক যুবতীকে (২২) ধর্ষণ করেছে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত আতাইকুলা পালপাড়া গ্রামে। ধর্ষিত যুবতী বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষকের নাম গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা (৬০)। সে ওই ভূক্তভোগী যুবতীকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এই নির্যাতন চালায়। এ ঘটনায় শুক্রবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা (৬০) গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী মেয়েকে (২২) বিস্কুট খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যায়।
এরপর ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এই ঘটনার পর ভূক্তভোগী যুবতী বাড়িতে এসে কিছুটা ইশারা ইঙ্গিতে ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের জানায়। পাশাপাশি নিজের শরীরে প্রচন্ড ব্যথা অনুভবের কথা জানায়।
বিষয়টি ধীরে ধীরে জানাজানি হলে ঘটনাটি নিষ্পত্তি করতে বৃহস্পতিবার রাতে আতাইকুলা গ্রামে মীমাংসা বৈঠক ডাকা হয়। কিন্তু এতেও ঘটনার নিষ্পত্তি না হলে নির্যাতিত প্রতিবন্ধী যুবতীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে ধর্ষক গোবিন্দ চন্দ্রকে আসামী করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম জানান, যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ভূক্তভোগী যুবতীকে হাসপাতালে নিয়ে মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, মেয়েটি বাক, বুদ্ধি ও কিছুটা শারীরিক প্রতিবন্ধী। ধর্ষক গোবিন্দ চন্দ্রের বাড়িতে কেউ না থাকায় মেয়েটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ওই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শুক্রবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক গোবিন্দ চন্দ্র পলাতক রয়েছে। তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে।




