চেন্নাইয়ের যে ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছিল
স্পোর্টস ডেস্ক।। তিনি নিউজিল্যান্ডের উঠতি ক্রিকেটার। কিন্তু ক্যারিয়ার শুরুতেই তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছে নানা বিতর্ক। বর্তমানে আইপিএলে খেলছেন তিনি। স্কট কুখেলাইন নামে এই ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে আজ সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারেন। গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৩৭ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন স্কট। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কুখেলাইনের ছেলে তিনি। চেন্নাই সুপার কিংস তাঁকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির বদলে দলে নেয়।
কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, তাঁরা এমন এক জনকে খুঁজছিলেন, যিনি পেসার এবং দক্ষ অলরাউন্ডার। এ ছাড়াও উচ্চতার জন্যও দলে জায়গা করে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দু’টি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি খেলা এই ২৭ বছরের ক্রিকেটারের জীবনে ঝড় নেমে এসেছিল ২০১৫ সাল নাগাদ। যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অকল্যান্ডে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্কটকে তাড়া করেছিল #মিটু বিতর্ক।
খেলা চলাকালীন দর্শকেরা তাঁর উদ্দেশে বলেন, ‘জেগে ওঠো। নিউজিল্যান্ড ক্রিকেট।’ #মিটু, পোস্টার মেলে ধরেন তাঁরা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গিয়েছিল, ‘না মানে না’ লেখা আরও এক পোস্টার। যদিও ২০১৭ সালে আদালত জানায়, কুখেলাইন ধর্ষণে জড়িত নয়। সারা বিশ্বে বিভিন্ন পেশায় #মিটু ট্রেন্ড দিয়ে প্রতিবাদ হলেও ক্রিকেটে এটিই প্রথম, বলা হচ্ছে এমনটাই। এমন প্রতিবাদের পর থেকে টুইটারের ওই ক্রিকেটারের বিরুদ্ধে সমালোচনা ঝড় শুরু হয়। সব বিতর্ক পেরিয়ে খেলতে নেমেছেন তিনি।




