টানা ৬ ম্যাচে পরাজয়ের লজ্জা কোহলিদের
স্পোর্টস ডেস্কঃ আবারও পরাজয়ের লজ্জায় অবনত মস্তকে মাঠ ছাড়তে হলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে কোনো ম্যাচেই জয় পায়নি বিরাট কোহলির দল। শেষ পর্যন্ত ৬ষ্ঠ ম্যাচে এসেও হারতে হলো তাদের। এবার দিল্লি ক্যাপিটালসের কাছে নিজেদের মাঠেই ব্যাঙ্গালুরু হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের সামনে মাত্র ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিল কোহলির দল। বিরাট কোহলি নিজে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন।
জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক স্রেয়াশ আয়ার একাই বলতে গেলে হারিয়ে দিয়েছেন কোহলিদের। ৫০ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার। এছাড়া পৃত্থি শ ২৮ এবং কলিন ইনগ্রাম করেন ২২ রান। সহজ লক্ষ্য থাকার কারণে দেখে-শুনে, হেসে-খেলেই বিরাট কোহলিদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যপানে এগিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।




