287584

বাংলায় কারো গায়ে হাত লাগলে ‌‌‘হ্যাঙ্গারের’ তলায় ঢুকিয়ে দেবো

কলকাতা প্রতিনিধিঃ এনআরসি নিয়ে পশ্চিম বাংলায় মোদিবাবু গায়ে হাত দিয়ে দেখুন। হ্যাঙ্গারের তলায় মিটিং করছেন, করুন। এনআরসি নিয়ে বাংলায় কারো গায়ে হাত লাগলে ওই হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেবো। রোববার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ময়নাগুড়ির সভা থেকে এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে ছিলো চা ওয়ালা, এখন হয়েছে চৌকিদার।

এদিন ভারতের এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জ) প্রসঙ্গে মমতা বলেন, এভাবে সবাইকে তাড়িয়ে দিতে চাইছে। আমি মায়ের জন্মদিন জানি না। আমাকে মা কখনও বলেনি। আমিও জানতে চাইনি। এনআরসির নামে এভাবেই পঞ্চাশ বছর আগের তথ্য চাইছে। আবার বলছে বাংলায় ক্ষমতায় এসে এখানেও এনআরসি করবে। আমি বলেছি, গায়ে হাত দিয়ে দেখুন, হ্যাঙ্গারের তলায় মিটিং করছেন, ওই হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেবো। এছাড়া বিজেপিকে এনআরসি হ্যাংলা বলেও কটাক্ষ করেন মমতা।

মমতা বলেন, বিজেপি বাইরের রাজ্য থেকে পশ্চিম বাংলায় লোক পাঠাচ্ছে ভোটের আগে। এদিন তিনি বিজেপি নেতা (আগে তৃণমূলের সেকেন্ড কম্যান্ড ছিলেন) মুকুল রায়কে হাওলার নেতা বলেও কটাক্ষ করেন। রাজ্যে পুলিশ অফিসারদের নির্বাচন কমিশন বদলি করায় ক্ষুব্ধ মমতা বলেন, দুই একজন পুলিশ অফিসারকে সরিয়ে ভোটে জিততে পারবেন না। সব অফিসারই আমাদের অফিসার। অতো সস্তা না। মমতা সাফ বলেন, অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, এমন বাজে কথা বলা প্রধানমন্ত্রী দেখিনি। এতো নিন্মমানের কথা এর আগে কোনো প্রধানমন্ত্রী বলেননি।

মমতা আরো বলেন, টাকা দিয়ে মিছিলে লোক নিয়ে যাচ্ছে বিজেপি। টাকা দেখিয়ে মোদি ভোট চাইছেন। টাকা চুরি করে সেই টাকা ভোটের আগে বিজেপি বিলি করছে বলেও দাবি করেন মমতা।

ad

পাঠকের মতামত