মুন্সিগঞ্জে সমাহিত হবেন টেলি সামাদ
বিনোদন প্রতিবেদকঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে প্রচন্ড জ্বর থাকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিওতে নেয়া হয় এ অভিনেতাকে।
এদিকে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শনিবার বাদ এশা রাজধানীর পশ্চিম রাজা বাজার তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেয়া হবে মুন্সিগঞ্জের নওগাঁ। সেখানে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরদেহ। তবে আজ এফডিসিতে মরদেহ নেয়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। কেননা এফডিসি থেকে এখনো যোগাযোগ করা হয়নি। কয়েক মাস আগে বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা । সর্বশেষ গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো তাকে।
এর আগে গত ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। সে সময় ডাক্তার জানিয়েছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিলো অভিনয়ের নেশা। ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। সবশেষ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
টেলি সামাদের জন্ম ২০ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের পাশের নয়াগাঁও গ্রামে। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলি সামাদের বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও রয়েছে এই গুণী অভিনেতার পারদর্শিতা। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি।




