287025

আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানাকে নেওয়া হলো সিঙ্গাপুরে

ডেস্ক রিপোর্ট : বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যায়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, ঘটনার দিন থেকে সোহেল সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হয়। অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ল্যাডারের চাপে ভেঙে যায়। ল্যাডারের চাপে তার পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়। সূত্র : ইত্তেফাক।

ad

পাঠকের মতামত