কোহলি-ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব, বেঙ্গালুরুর রানের পাহাড়
অবশেষে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। কলকাতার বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ড চালিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা দুই ব্যাটসম্যান। তাদের ব্যাটিং ঝড়ে ৩ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে বেঙ্গালুর। শুক্রবার আইপিএলের চলতি আসরের ১৭তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।
আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় বেঙ্গালুর। উদ্বোধনীতে ৪৭ বলে ৬৪ রানের জুটি গড়েন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। ২৫ রান করে প্যাটেল আউট হলেও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন কোহলি। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকান ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১০৮ রানের জুটি গড়েন কোহলি। ৪৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ৮৪ রান করে ফেরেন বিরাট।
কোহলির বিদায়ের ১০ বল ব্যবধানে ফেরেন ভিলিয়ার্স। ইনিংসের শেষ দিকে সাজঘরে ফেরার আগে ৩২ বলে পাঁচটি চার ও চারটি দৃষ্টি নন্দন ছক্কায় ৬৩ রান করেন ভিলিয়ার্স। এছাড়া ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মার্কু স্টইনিস। আইপিএলের চলতি আসরে আজকের আগে চার ম্যাচ খেলে টানা হেরে সমালোচনায় পড়ে বেঙ্গালুরু। আজ প্রথম জয়ের অপেক্ষায় কোহলির নেতৃত্বাধীন দলটি।




