শিশু ধর্ষণ মামলায় সেই বৃদ্ধ গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সেই নানা ওসমান আলী ওরফে হামার (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হামার নওগাঁর পত্নীতলা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নছিমদ্দিনের ছেলে। সে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।
আশ্রয়ণ প্রকল্পে সম্পর্কে নানা হামার ১২ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে হামারকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত হামার গা-ঢাকা দিয়েছিল। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে এস আই সালাহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে ধর্ষক হামারকে গ্রেপ্তার করে।




