ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শব-ই-মিরাজ পালিত
নিউজ ডেস্ক।। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বুধবার রাতে কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করেছেন। ইসলাম ধর্ম মতে, ইসলামের নবি হযরত মুহাম্মদ (সা.) এই রাতে ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবি এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি।
ইসলামে মিরাজের বিশেষ গুরুত্ব হচ্ছে, এই মিরাজের মাধ্যমেই ইসলাম ধর্মে নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। এদিকে পবিত্র শবে মিরাজ উপলক্ষে বুধবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী ন‚রুল ইসলাম। এছাড়াও দেশের প্রত্যেকটি মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শবে মিরাজ পালন করা হয়। মুসলিমরা নফল ইবাদতের মাধ্যমে এ রাতটি পালন করেন। মসজিদগুলোতে ইবাদতের পাশাপাশি তাবারকের ব্যবস্তাও করা হয়। অন্য সময়কার তুলনায় মসজিদগুলো ছিলো কানায় কানায় ভরপুর। নামাজ শেষে মুসলিমরা আল্লাহর কাছে তারা দেশবাসী ও নিজের জন্য দোয়া করেন।




