চীনে মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়ে জানেন না পাক প্রধানমন্ত্রী!
আন্তর্জাতিক ডেস্ক: চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ২০ লাখেরও বেশি মানুষকে বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে। চীন মুসলিমদের ওপর চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে।কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাকি এ ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেছেন, আসলেই আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।
বিশ্বের মুসলিম সম্প্রদায় অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছে বলে উল্লেখ করেন ইমরান খান। কিন্তু ওই সময় তিনি চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালানোর বিষয়টি এড়িয়ে যান।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিষয়টি নিয়ে আমার যথেষ্ট জানা থাকলে আমি এ ব্যাপারে কথা বলতাম। এ ছাড়া চীনে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, সে বিষয়ে সংবাদমাধ্যমে বেশি কোনো খবর নেই বলেও উল্লেখ করেন তিনি।
চীনে মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে বরাবরই অভিযোগ করে আসছে তুরস্ক। দেশটি গত ফেব্রুয়ারিতে উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দেয়। একই সঙ্গে বন্দিশিবির বন্ধ করে দেয়ার আহ্বান জানায় তুরস্ক।এ ছাড়া অনেক পশ্চিমা দেশ মুসলিমদের ওপর নির্যাতনের কড়া নিন্দা জানায়। গত বছর জাতিসংঘ জানায়, মুসলিম জাতিগোষ্ঠী উইঘুরের ১০ লাখ মানুষকে আটক রেখেছে চীন।




