285240

কবজি দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে রকি

দুই হাতের কবজি দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে রকি। রকি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের আকছেদ আলীর ছেলে। তার পুরো নাম মেহেদী হাসান রকি।সোমবার রকি আড়ানী আলহাজ্ব এরশাদ আলী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেয়।রকি প্রতিবন্ধী হয়েও জীবন থেমে নেই। সে শিক্ষাগ্রহণ করে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়।মেহেদী হাসান রকি জন্মগত প্রতিবন্ধী। কিন্তু তার বাবা-মায়ের প্রচেষ্টায় প্রতিবন্ধী হয়েও সেসব কাজে সফলভাবে গড়ে উঠছে।

রকির দুটি হাত থাকলেও সাধারণ মানুষের চেয়ে অনেকাংশে ছোট এবং আঙুলবিহীন। তার আঙুলবিহীন ছোট হাত দ্বারা সব ধরনের কাজ করতে সক্ষম হয়।রকি আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে এসএসসি পাস করে আড়ানী ডিগ্রি কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়। সে দ্বিতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়ায় ভালো রেজাল্ট করে আসছে। রকি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছিল।

আড়ানী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শেখ সামসুদ্দিন বলেন, রকি প্রতিবন্ধী হলেও তার মেধা অন্যান্য ছাত্রছাত্রীদের চেয়ে অনেক বেশি। তার হাতের লেখাও ভালো। রকি লেখা পড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলা, বাইসাইকেল চালানো ছাড়াও অন্যান্য কাজ নিজে করতে পারে তার পঙ্গু হাত দিয়ে।এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান রকি বলে, আমি অতিদরিদ্র পরিবারের ছেলে তাই আমি চাই লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়ে পিতা-মাতার দরিদ্র সংসারকে স্বনির্ভর করে গড়ে তুলব। আমি সবার কাছে এই দোয়া কামনা করছি।

পিতা আকছেদ আলী বলেন, আমার চার সদস্যের পরিবার রকি বড় ছেলে। আমার বাবা আব্দুল জলিল উদ্দিনের কাছে থেকে দুই বিঘা জমি পেয়েছি। এই জমিতে কাজ করে যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চলে। এছাড়া ছেলের লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়।রকির মাতা ছবিলা বেগম বলেন, আমার আরেকটি আরফিন আফতান রাহাত নামের ছেলেসন্তান রয়েছে। তাকে নিয়ে কোনো রকম দিন পার করছি।

আড়ানী আলহাজ্ব এরশাদ আলী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ শাহবাজ আলী বলেন, রকি প্রতিবন্ধী হওয়ার হার জন্য ১৫ মিনিট সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাঘা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তার দুই হাতের আঙুল নেই, কিন্তু দুই হাত দিয়ে চমৎকারভাবে লেখতে দেখেছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, রকি আড়ানী আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে দেখেছি। তবে তার হাতের লেখা অন্যদের চেয়ে ভালো।

ad

পাঠকের মতামত